
ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর ঘটনাকে বিচার প্রক্রিয়ার প্রহসন হিসেবে আখ্যা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (১৯ মে) রাতে দলের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ মন্তব্য করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভাটারা থানায় দায়ের করা এক হত্যাচেষ্টা মামলায় গতকাল (১৮ মে) রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে আদালতে হাজির করা হলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এনসিপি মনে করে, এ ধরনের ঘটনা বিচার ব্যবস্থাকে হাস্যকর করে তুলছে।
এনসিপির পক্ষ থেকে আরও বলা হয়, সম্প্রতি ‘জুলাই অভ্যুত্থানে’ হামলা ও গুলির ঘটনায় অভিযুক্ত সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ কোনো ধরনের বাধা ছাড়াই দেশত্যাগ করেছেন। অথচ সেই ঘটনায় জড়িত ৬২৬ জনের পরিচয় এখনও প্রকাশিত হয়নি। এ অবস্থায়, অভ্যুত্থান ও গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় না এনে বরং অন্যদের বিরুদ্ধে ঢালাওভাবে মামলা ও গ্রেফতার, জামিন না দিয়ে কারাগারে পাঠানোর মাধ্যমে প্রকৃত বিচার প্রক্রিয়াকে বিভ্রান্ত করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রশাসনের একটি মহল বিচার কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতে পরিকল্পিত অন্তর্ঘাত চালাচ্ছে। এনসিপির দাবি, জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়ায় এখনও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। যদিও ৮ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে এখনও এর বাস্তবায়নের কোনো সরকারি প্রজ্ঞাপন প্রকাশিত হয়নি।
এনসিপি জানায়, আগামী জুলাই মাসের মধ্যেই গণহত্যার বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি দেখতে চায় তারা। এ লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি, হরহামেশা মামলা দায়ের এবং মামলাকে বাণিজ্যে পরিণত করার প্রবণতা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সচেতন থাকারও আহ্বান জানিয়েছে দলটি।
Leave a Reply