
ইরান-ইসরায়েল সংঘাতের আড়ালে লুকিয়ে থাকা বিশ্ব রাজনীতির ভয়াল ছায়া
মধ্যপ্রাচ্যের আকাশে বারুদের গন্ধ। একদিকে ইরান, অন্যদিকে ইসরায়েল। দুই দেশ মুখোমুখি অবস্থানে—রক্ত, প্রতিশোধ আর শক্তি প্রদর্শনের ভয়াবহ খেলায় মেতে উঠেছে। তবে এই যুদ্ধের ময়দানে যে কেবল রকেট কিংবা ড্রোন উড়ছে, তা নয়। যুদ্ধের এই উত্তপ্ত মঞ্চের পর্দার আড়ালে চলছে আরেকটি নিঃশব্দ যুদ্ধ—বিশ্বের বৃহৎ পরাশক্তিগুলোর প্রভাব বিস্তারের ভয়ঙ্কর পরিকল্পনা।
সিজার ছাড়াই সন্তান প্রসব করিয়ে প্রশংসায় ভাসছেন পরিবার কল্যাণ পরিদর্শিকা শামসুন্নাহার
বিশ্লেষকদের মতে, ইরান ও ইসরায়েলের এই সংঘাত নিরপেক্ষ কোনো যুদ্ধ নয়। এটি আসলে মধ্যপ্রাচ্যকে পুনরায় ভাগবাটোয়ারা করে নেওয়ার চেষ্টা। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন—তিন পরাশক্তি ভিন্ন ভিন্ন পক্ষ নিয়ে এই সংঘাতে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
যদি ইরান পরাজিত হয়, তবে মধ্যপ্রাচ্যের সামরিক ও রাজনৈতিক নিয়ন্ত্রণ একচেটিয়াভাবে থেকে যাবে যুক্তরাষ্ট্রের হাতে। ইসরায়েল তখন হয়ে উঠবে আরও বেপরোয়া। এ অঞ্চলের সামরিক ঘাঁটি, গ্যাস ও তেলসম্পদ, এমনকি ধর্মীয় কেন্দ্রগুলোও মার্কিন সমর্থনে নিয়ন্ত্রিত হতে থাকবে।
অন্যদিকে, যদি ইসরায়েল এই যুদ্ধে হেরে যায়, তবে সেই শূন্যতা পূরণে এগিয়ে আসবে রাশিয়া ও চীন। ইতোমধ্যেই সিরিয়া ও ইয়েমেন সংকটে এই দুই দেশ তাদের অবস্থান স্পষ্ট করেছে। সেক্ষেত্রে ইরান হয়ে উঠবে তাদের ঘনিষ্ঠ মিত্র। বিশ্ব শক্তির ভারসাম্য বড় ধরনের পরিবর্তনের দিকে ধাবিত হতে পারে।
এই সংঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। ইসরায়েলের প্রতিটি সামরিক অভিযানের পেছনে যুক্তরাষ্ট্রের প্রকাশ্য সমর্থন রয়েছে। গাজা, লেবানন কিংবা সিরিয়া—যেখানে-সেখানে শিশু হত্যা, হাসপাতাল গুঁড়িয়ে দেওয়া, বিদ্যুৎ ও পানির সরবরাহ বন্ধ করে দেওয়া—এসব যেন নতুন স্বাভাবিকতা হয়ে উঠেছে।
জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বারবার উদ্বেগ প্রকাশ করলেও কার্যকর কোনো পদক্ষেপ নেই। বরং আমেরিকার অর্থ ও অস্ত্র সহায়তায় ইসরায়েল যুদ্ধযন্ত্র আরও জোরদার করছে।
প্রথম দর্শনে ইরান-ইসরায়েল সংঘাতকে কেউ কেউ শিয়া-সুন্নি কিংবা মুসলিম-ইহুদি দ্বন্দ্ব হিসেবে দেখেন। তবে এই দৃষ্টিভঙ্গি খুবই সরলীকরণ। আসলে, ধর্ম এখানে মুখোশ মাত্র। বাস্তবতা হলো, এটি একটি ভূরাজনৈতিক খেলা—যেখানে শক্তিধর দেশগুলো তাদের গোপন এজেন্ডা বাস্তবায়নে মধ্যপ্রাচ্যের মাটি ও রক্ত ব্যবহার করছে।
ইরান-ইসরায়েল যুদ্ধ কেবল দুই দেশের যুদ্ধ নয়, এটি এক ভয়ঙ্কর বিশ্ব রাজনীতির প্রতিচ্ছবি। যেখানে অস্ত্র বিক্রেতারা লাভবান হয়, বৃহৎ শক্তিগুলো প্রভাব বিস্তারের খেলায় মত্ত হয়, আর নিরীহ মানুষ হারায় জীবন, সন্তান, ঘরবাড়ি ও ভবিষ্যৎ।
শিবালয়ে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও হত্যার হুমকি,মামলা দায়ের:গ্রেফতার ২
এই যুদ্ধ থামাতে হলে কেবল যুদ্ধক্ষেত্রে নয়, থামাতে হবে সেই অদৃশ্য হাতগুলোকে—যারা পেছন থেকে যুদ্ধের আগুনে ঘি ঢেলে চলেছে।
Leave a Reply