
মানিকগঞ্জের শিবালয়ে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারনা অফিস ভাঙচুরের অভিযোগে দায়ের করা ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন শিবালয় উপজেলা বিএনপির সহ–সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম।
মঙ্গলবার দুপুরে শিবালয় উপজেলা প্রেসক্লাব সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি অভিযোগ করেন, “জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. আবু বক্কর সিদ্দিকের ভাই আব্দুর রফিক রাজনৈতিক প্রতিহিংসা ও জমি দখলের উদ্দেশ্যে আমাকে এবং আমার পরিবারকে হয়রানি করতে মিথ্যা মামলা করেছেন।”
তিনি বলেন, “জামায়াতে ইসলামীর কোনো অফিসই মহাদেবপুর ইউনিয়নে নেই। তাহলে কেমন করে সেই অফিস ভাঙচুর হলো? এ ঘটনা পুরোপুরি সাজানো এবং আমাদের সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা।”
আব্দুল আলিম আরও জানান, মামলার পেছনে মূল কারণ পারিবারিক জমি সংক্রান্ত বিরোধ। তিনি অভিযোগ করে বলেন, “আবু বক্কর আমার আপন চাচাতো ভাই। জমি নিয়ে বিরোধের জেরেই তিনি আমাকে নানাভাবে হয়রানি করছেন। যদি তারা নির্বাচনে জয়ী হন, তাহলে সাধারণ মানুষ কীভাবে নিরাপদ থাকবে?”
সংবাদ সম্মেলনে শিবালয় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব সায়েদুর রহমান, মহাদেবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাইজুদ্দিন মেম্বার, যুবদল নেতা মনির হোসেনসহ বিএনপি নেতা আলিমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply