বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে ডেনমার্ক। আগামী ছয় মাসের মধ্যেই কয়েকটি প্রকল্পের কাজ শুরু হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক থমাস লুন্ড-সোরেনসেন।
সোমবার (১২ মে) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত হয় বাংলাদেশ-ডেনমার্ক তৃতীয় রাজনৈতিক পরামর্শ বৈঠক। বৈঠকে দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় বাণিজ্য, জলবায়ু পরিবর্তন, উন্নয়ন সহযোগিতা ও রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।
বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. আবুল হাসান মৃধা এবং ডেনমার্কের পক্ষে থমাস লুন্ড-সোরেনসেন। উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ড্যানিশ রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার এবং কোপেনহেগেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ কে এম শহিদুল করিম।
বৈঠকে ডেনমার্ক ৫ মিলিয়ন ডলারের অতিরিক্ত সহায়তা ঘোষণা করে। পরবর্তীতে সফররত ডেনিশ প্রতিনিধি দল পররাষ্ট্র সচিবের সঙ্গেও সাক্ষাৎ করেন।
থমাস লুন্ড-সোরেনসেন বলেন, “বাংলাদেশ একটি গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। এখানে আমাদের বিনিয়োগের যথেষ্ট সম্ভাবনা আছে। খুব শিগগিরই কিছু প্রকল্পের অগ্রগতি দৃশ্যমান হবে বলে আমরা আশাবাদী।”