
লালমনিরহাটে সিগন্যাল ত্রুটির কারণে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লালমনি এক্সপ্রেস নামে ঢাকাগামী একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। ফলে ইঞ্জিনের ব্যাপক ক্ষতি হয়েছে এবং কিছু সংখ্যক যাত্রী আহত হয়েছেন।
সোমবার দুপুর ২টার দিকে একটি লোকাল ট্রেন এবং লালমনি এক্সপ্রেসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। লালমনিরহাট বিভাগীয় রেল স্টেশনের উত্তর পাশে বিডিআর গেট এলাকায় এ ঘটনাটি ঘটে।
পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর থেকে আসা একটি লোকাল ট্রেন লালমনিরহাট রেল স্টেশনে প্রবেশের সময় ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি ওয়াশপিটের দিকে যাচ্ছিল।
জানা যায়, সিগন্যাল ত্রুটির কারণে ট্রেন দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে লালমনি এক্সপ্রেসের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয় এবং দুটি বগি উল্টে যায়।
ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার কাজ শুরু করে।
আহতদেরকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। উদ্ধার অভিযান শেষে আনুষ্ঠানিভাবে বিস্তারিত জানানো হবে বলে জানান লালমনিরহাট রেলওয়ে স্টেশন মাস্টার নুরনবী।
এ ঘটনার প্রেক্ষিতে স্থানীয়দের মধ্যে রেলওয়ের সিগন্যাল ব্যবস্থা ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। তদন্তের মাধ্যমে ঘটনার কারণ ও দায় নির্ধারণের দাবি করছেন তারা।
লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হাসান জানান, ঘটনার প্রকৃত কারণ তদন্ত ছাড়া বলা সম্ভব নয়।
Leave a Reply