
ঘন কুয়াশার কারণে দেড় ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত ১১টা ৪০ মিনিটের দিকে ফেরি চলাচল শুরু হয়।
এর আগে একই দিন রাত ১০টার দিকে নদীতে ঘন কুয়াশা পড়লে দৃষ্টিসীমা কমে যায়। এতে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয়।
ফেরি চলাচল বন্ধ থাকাকালে পাটুরিয়া প্রান্তের ঘাট নং–৩ এ ‘শাহ মখদুম’ ও ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’ ফেরি খালি অবস্থায় নোঙর করে রাখা হয়। একই প্রান্তের ঘাট নং–৪ এ ‘ভাষা শহীদ বরকত’ খালি থাকলেও ‘শাহ পরান’ ফেরিটি লোড অবস্থায় ছিল।
দৌলতদিয়া প্রান্তে ঘাট নং–৩ এ ‘কুমিল্লা’ ফেরি খালি এবং ‘এনায়েতপুরী’ লোড অবস্থায় ছিল। এছাড়া ঘাট নং–৪ এ ‘বাইগার’, ঘাট নং–৭ এ ‘খান জাহান আলী’, ‘বীরশ্রেষ্ঠ রুহুল আমিন’ ও ‘হাসনাহেনা’—সবগুলো ফেরিই খালি অবস্থায় নোঙর করা ছিল। এ সময় মধ্যনদীতে কোনো ফেরি চলাচল করেনি।
বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. সালাম হোসেন জানান, কুয়াশা কেটে দৃষ্টিসীমা স্বাভাবিক হওয়ায় পরিস্থিতি পর্যালোচনা করে রাত ১১টা ৪০ মিনিটে ফেরি চলাচল পুনরায় চালু করা হয়।
ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে যানবাহনের চাপ সৃষ্টি হয় এবং যাত্রী ও চালকদের ভোগান্তি দেখা দেয়। তবে চলাচল স্বাভাবিক হওয়ায় ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।
Leave a Reply