
বি এন পি ক্ষমতায় গেলে দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে— এমন প্রতিশ্রুতি নিয়ে সংশয় প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তাঁর মতে, ঋণখেলাপিদের প্রার্থী করে দুর্নীতির মুক্ত দেশ গড়ার কথা বলা বিশ্বাসযোগ্য নয়।
আজ রোববার ঢাকায় একাধিক নির্বাচনী জনসভায় এমন কথা বলেছেন জামায়াতের আমির।
এর আগে বেলা একটার দিকে চট্টগ্রামের জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি নির্বাচিত হলে দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে।
তারেক রহমানের এই বক্তব্যের দুই ঘণ্টা পর বিকেল সোয়া তিনটার দিকে রাজধানীর গেন্ডারিয়ার ধূপখোলা মাঠে ঢাকা-৬ আসনে জামায়াতের নির্বাচনী জনসভায় বক্তৃতা করেন দলটির আমির শফিকুর রহমান।
তিনি বলেন, ‘একটা দল শুনলাম ইদানীং বলছেন, তাদের হাতে দেশ আসলে তারা নাকি দুর্নীতি নিয়ন্ত্রণ করবেন। যাদের সংসদ সদস্য ৩৯ জন গুরুতর ঋণখেলাপি, কায়দা করে তাদের বানানো হয়েছে প্রার্থী। তাঁরা বাংলাদেশের মানুষকে দুর্নীতিমুক্ত করবেন!’
এরপর সন্ধ্যায় বকশীবাজারে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ঢাকা-৭ আসনের নির্বাচনী জনসভায় বক্তৃতা করেন জামায়াতের আমির। এখানেও তিনি বিএনপি বা তারেক রহমানের নাম উল্লেখ না করে ওই প্রতিশ্রুতি প্রসঙ্গে কথা বলেন।
শফিকুর রহমান বলেন, ‘বগলের নিচে ঋণখেলাপিদের নিয়ে সংসদ নির্বাচন করবেন আর জনগণকে আপনারা ন্যায়-ইনসাফের বাংলাদেশ উপহার দেবেন—এ সমস্ত ঘুম পাড়ানো, মনভোলানো গান আর চলবে না। সদিচ্ছা থাকলে আগে এদের আপনারা বাদ দিন।’ তিনি বলেন, ‘যাঁরা বলছেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দেব, তাঁরা নিজেদের আগে দুর্নীতিমুক্ত করুন।’
Leave a Reply