
বাগেরহাটের শরণখোলায় মাছের ঘের থেকে প্রায় ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৮টায় উপজেলার রায়েন্দা বাজার সংলগ্ন এলাকার জয়নাল আকনের ঘের থেকে অজগরটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রায়েন্দা বাজার সংলগ্ন এলাকার মালিক জয়নাল আকনের একটি মাছের ঘের রয়েছে। বৃহস্পতিবার রাত ৮ টার সময় স্যালো মেশিন দিয়ে পানি সেচ দেওয়ার সময় হঠাৎ বড় আকারের একটি অজগর সাপ দেখতে পান। পরে তিনি আশপাশের লোকজনকে খবর দিলে স্থানীয়রা একত্রিত হয়ে সাপটিকে বস্তাবন্দি করেন। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়।
ঘের মালিক জয়নাল আকন বলেন, পানি সেচ দেওয়ার সময় হঠাৎ দেখি ঘেরের ভেতরে বিশাল একটি সাপ নড়াচড়া করছে। পরে স্থানীয়দের সহায়তায় সাপটিকে আটক করা হয়।
স্থানীয়দের ধারণা, সুন্দরবন সংলগ্ন এলাকা হওয়ায় খাবারের সন্ধানে সাপটি লোকালয়ে ঢুকে পড়তে পারে।
সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম বলেন, অজগর উদ্ধারের খবর পেয়ে বনকর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা সাপটি উদ্ধার করে নিরাপদে সুন্দরবনে অবমুক্ত করার ব্যবস্থা গ্রহণ করেছেন।
Leave a Reply