ময়মনসিংহ নগরীর ভাটিকাশর এলাকায় কোতোয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১,০০০ পিস পেথেডিন ইনজেকশনসহ দুই নারী মাদক সম্রাজ্ঞীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চিহ্নিত মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছিল। এরই ধারাবাহিকতায় ওসি মোঃ শিবিরুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টিম ভাটিকাশড় এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় দুই নারীকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ পেথেডিন ইনজেকশন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত দুই নারী দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল এবং তারা একটি সক্রিয় মাদক চক্রের সাথে জড়িত ছিল। উদ্ধার করা মাদক নগরীর বিভিন্ন এলাকায় সরবরাহের জন্য মজুদ রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
ময়মনসিংহে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ প্রশাসন। ওসি শিবিরুল ইসলামের নেতৃত্বে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।
এদিকে পুলিশের এই সফল অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। মাদকমুক্ত সমাজ গড়তে এমন অভিযান নিয়মিত চালিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।