সাভার প্রেসক্লাবের জন্য জমিসহ একটি আধুনিক ভবন নির্মাণের আশ্বাস দিয়েছেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ও জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।
শনিবার দুপুরে সাভারের মুক্তিমোড় এলাকায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন। এসময় তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত কাজের পরিবেশ উন্নত করতে প্রেসক্লাবের জন্য নিজস্ব জমিতে একটি নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও জানান, সাভারে জেলা প্রশাসনের অধীন দখল হয়ে যাওয়া সব সরকারি জায়গা পর্যায়ক্রমে উদ্ধার করা হচ্ছে। মুক্তিমোড় এলাকায় অবস্থিত সাভার পৌর কমিউনিটি সেন্টার ভেঙে সেখানে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন কমিউনিটি সেন্টারের পাশাপাশি একটি বহুতল মার্কেট নির্মাণের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। কোনোভাবেই সরকারি জায়গা অবৈধ দখলে থাকতে দেওয়া হবে না বলেও কঠোর অবস্থানের কথা জানান।
ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, কেন্দ্রীয় নির্দেশনার আলোকে ঢাকা জেলার বিভিন্ন উপজেলায় উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে দখল হওয়া বিভিন্ন স্থানের সীমানা নির্ধারণে সার্ভে কার্যক্রম পরিচালনা করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এসময় উপস্থিত ছিলেন আমিনবাজার সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন খান, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম জুয়েল, যুবদল নেতা ইয়ার মোঃ ইয়াসিন সরকার শাওনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সাংবাদিকরা।