ময়মনসিংহের ফুলপুর উপজেলার ঠাকুরবাখাই এর কংশ নদীতে নিখোঁজ হওয়ার তিন দিন পর অবশেষে উদ্ধার করা হয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবি) কর্মী মোঃ হালিম তালুকদার ওরফে রুপচান (৫৫)-এর নিথর দেহ।
জানা যায়,রুপচান পানি উন্নয়ন বোর্ডের একজন কর্মী ছিলেন তিনি। গত সোমবার (২৭ এপ্রিল) সকালে ফুলপুরের ঠাকুরবাখাই কংশ নদীতে মিটার দিয়ে পানির পরিমাপ করতে গিয়ে রুপচান অসাবধানতাবশত কংশ নদীতে নিখোঁজ হন।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দা,স্বজন এবং ফায়ার সার্ভিসের ও সিভিলডিফেন্সের উদ্ধারকারী দল দিন-রাত এক করে তাকে খুঁজতে শুরু করেন। প্রতিটি মুহূর্তে পরিবারের একটাই প্রার্থনা ছিল—রুপচান যেন জীবিত ফিরে আসেন। কিন্তু সময় যত গড়িয়েছে,ততই আশঙ্কা আরও গভীর হয়েছে।
এভাবে একে একে ৩ দিন খোঁজে ফেরেন নদী পাড়ের হাজারো মানুষ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
অবশেষে আজ নিখোঁজের স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে জাহাঙ্গীরের ডোবা নামক স্থানে তার মরদেহ ভেসে ওঠে বলে জানতে পারেন উদ্ধারকারী দল।
খবরটি ছড়িয়ে পড়তেই স্বজনরা ছুটে এসে কান্নায় ভেঙে পড়েন। তিন দিন ধরে যে মানুষটির জন্য অপেক্ষা,সেই মানুষটি ফিরে এলেন নিথর দেহ হয়ে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।