সাভার সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো: ইমনকে বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। আজ বুধবার সকালে পরীক্ষা দিতে যাওয়ার পথে কথিত “সেলফি বাস” থেকে তাকে ফেলে দেওয়া হয় বলে জানিয়েছেন সহপাঠীরা।
এ ঘটনায় গুরুতর আহত ইমনকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানান, তার মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং প্রায় ১৫টি সেলাই দিতে হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে ক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযুক্ত বাসটিকে সাভার সরকারি কলেজ ক্যাম্পাসে আটকিয়ে রাখে এবং দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ শুরু করে। শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরেই কিছু বাসচালক ও সহকারীদের বেপরোয়া আচরণ শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
বিক্ষোভকারীরা দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্তকরণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা আরও বলেন, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দ্রুত ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।