সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সাভার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব কফিল উদ্দিন আর নেই।
রোববার (৩১ মে) ভারতের দিল্লির একটি হাসপাতালে কফিল উদ্দিন ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন। ভারতের দিল্লিতে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আলহাজ্ব কফিল উদ্দিন হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান। দীর্ঘদিন ধরে সাভার উপজেলা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সাভার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করার পাশাপাশি সাভার উপজেলা চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর অবদানের জন্য তিনি এলাকায় সুপরিচিত ছিলেন।
কফিল উদ্দিনের মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
মরহুমের জানাজা ও দাফনের সময়সূচি পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে জানানো হবে বলে জানা গেছে।