ময়মনসিংহের ত্রিশালে সাড়ে ৪ বছর বয়সের এক শিশুকে ধর্ষণের অভিযোগে স্থানীয় হাসেন আলী শেখ বাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব শাহিনুর ইসলামকে আটক করেছে পুলিশ।
শনিবার (২০ জুন) উপজেলার চিকনা মনোহর গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিশুর মায়ের দাবি, তার মেয়েকে মসজিদের ভেতরে পড়াতেন অভিযুক্ত ইমাম। মেয়ের খোঁজ নিতে গিয়ে তিনি মসজিদের ভেতরে দুজনকে বস্ত্রহীন অবস্থায় দেখতে পান।
শিশুটির মা বলেন - “আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। অপরাধীর সর্বোচ্চ শাস্তি চাই, যেন ভবিষ্যতে আর কোনো শিশুর সঙ্গে এমন ঘটনা না ঘটে।”
জানা গেছে, ভুক্তভোগী শিশুটির বাবা একজন অসহায় দিনমজুর। পরিবারের সদস্যরা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এদিকে, ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় এলাকাবাসী অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা এবং সুষ্ঠু বিচারের দাবি জানান। তারা বলেন, শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।
তবে এ বিষয়ে অভিযুক্ত ইমাম শাহিনুর ইসলামের কোনো বক্তব্য পাওয়া যায় নি।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ বলেন, ‘‘ঘটনার কথা শুনে পুলিশ পাঠিয়েছি। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের পর প্রয়োজনীয় তথ্য দেওয়া যাবে। এ ঘটনায় অভিযুক্ত ইমামকে আটক করা হয়েছে।’’