শেরপুরের নালিতাবাড়ীতে বাদাম খেতে গিয়ে গলায় আটকে মানহা মনি নামে আড়াই বছর বয়সী এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই আকস্মিক ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। শিশু মানহার বাড়ি নালিতাবাড়ী পৌরসভার আড়াইআনীর হিরন্ময়ী স্কুলের খেলার মাঠ সংলগ্ন।
পারিবারিক সূত্রে জানা যায়,৩০ জুন (মঙ্গলবার) শিশু মানহা মনি খেলার ছলে বেশ কয়েকটি আস্ত বাদাম মুখে দেয়। এসময় হঠাৎ একটি বাদাম তার শ্বাসনালীতে আটকে যায় এবং সে তীব্র শ্বাসকষ্টে ছটফট করতে থাকে।
মানহার অবস্থা বেগতিক দেখে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয় বলে কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেন। চিকিৎসকদের মতে, শ্বাসনালীতে শক্ত খাবার আটকে বাতাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দ্রুত এই দুর্ঘটনাটি ঘটেছে।
স্থানীয় বাসিন্দা ও প্রতিবেশীরা জানান, ফুটফুটে এই শিশুটির এমন অকাল বিদায় কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। একমাত্র সন্তানকে হারিয়ে মানহার মা-বাবা এখন সম্পূর্ণ বাকরুদ্ধ ও দিশেহারা।