ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণকে পরিচ্ছন্ন, নিরাপদ ও শতভাগ রোগীবান্ধব করার প্রত্যয়ে এক বিশেষ প্রশাসনিক অভিযান পরিচালিত হয়েছে।
আজ ৫ জুলাই (রবিবার) উক্ত অভিযোগ পরিচালনা করা হয়েছে।
জানা যায়, অভিযানে সশরীরে উপস্থিত থেকে মাঠপর্যায়ে নেতৃত্ব দেন হাসপাতালের সুযোগ্য পরিচালক মহোদয়। এ সময় কার্যক্রমের সার্বিক সমন্বয় ও দিকনির্দেশনা প্রদানে উনার সাথে যুক্ত ছিলেন হাসপাতালের শ্রদ্ধাভাজন উপপরিচালক মহোদয়।
হাসপাতাল প্রাঙ্গণের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে আবর্জনা ফেলার ট্রলি ও প্রয়োজনীয় সরঞ্জামাদিসহ পরিচ্ছন্নতা কর্মীদের একযোগে নিয়োজিত করা হয়। একই সাথে হাসপাতালের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা, বহিরাগত ও অপ্রয়োজনীয় যানবাহনের জটলা নিরসন এবং রোগীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে হ্যান্ড মাইকের মাধ্যমে অনবরত সচেতনতামূলক প্রচারণা ও নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান চলাকালীন হাসপাতালের নিজস্ব আনসার স্কোয়াড এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সক্রিয় উপস্থিতির মাধ্যমে চারপাশের সার্বিক নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে দায়িত্ব পালন করেন।
হাসপাতালের চিকিৎসা সেবার মানোন্নয়ন এবং একটি আদর্শ ও পরিচ্ছন্ন স্বাস্থ্যসেবা পরিবেশ গড়ে তুলতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের এই ধরনের ইতিবাচক ও কঠোর প্রশাসনিক তদারকি আগামীতেও নিয়মিত অব্যাহত থাকবে।
একটি সুস্থ ও সুন্দর হাসপাতাল ক্যাম্পাস বজায় রাখতে সম্মানিত সেবাগ্রহীতা ও সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকার এবং হাসপাতাল কর্তৃপক্ষকে সর্বদা সহযোগিতা করার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে।