
যশোরে বঁটি দিয়ে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে হত্যার অভিযোগ উঠেছে এক স্কুলশিক্ষক নিজ সন্তানের বিরুদ্ধে।
গতকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ারা বেগম (৫৮) বাজে দুর্গাপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আলতাফ হোসেন মাস্টারের স্ত্রী। অভিযুক্ত ছেলে মামুনুর রশিদ ওরফে মামুন (৪০) লাউজানী মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ঘটনার পর পরই অভিযুক্ত পলাতক।
পুলিশ ও স্থানীয়রা জানান, মামুনের এর আগে দুটি বিয়ে হয়েছিল। উভয় স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহের কারণে বিবাহ বিচ্ছেদ হয়। মামুন তার মা'কে স্ত্রীদের সঙ্গে বিচ্ছেদের জন্য দায়ী মনে করতেন। এ নিয়ে এর আগেও মায়ের সঙ্গে তার বিরোধ ও মারধরের ঘটনা ঘটে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, পারিবারিক অশান্তির কারণে মামুন মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রায় তিন বছর আগে তাকে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি দুই থেকে তিন মাস চিকিৎসাধীন ছিলেন।