
সাভারের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ শিল্প দুর্ঘটনা রানা প্লাজা ধসের ঘটনায় ভবন নির্মাণে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় দীর্ঘ প্রতীক্ষার পরও আজ রায় ঘোষণা হয়নি। রায় ঘোষণার পর্যায় থেকে মামলাটি ফের যুক্তিতর্ক শুনানির জন্য নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক বি এম তারিকুল কবীর মামলাটিতে রায় ঘোষণা না করে কিছু বিষয় আরও স্পষ্ট করার জন্য পুনরায় যুক্তিতর্ক উপস্থাপনের নির্দেশ দেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এর আগে গত ১৬ আগস্ট রায় ঘোষণার কথা থাকলেও রায় প্রস্তুত না হওয়ায় তা পিছিয়ে আজকের দিন নির্ধারণ করা হয়েছিল।
মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন রানা প্লাজার মালিক সোহেল রানা, সাভার পৌরসভার সাবেক মেয়র রেফাত উল্লাহ, সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, সাবেক সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, সাবেক উপ-সহকারী প্রকৌশলী রাকিবুল হাসান রাসেল, সাবেক টাউন প্ল্যানার ফারজানা ইসলাম এবং লাইসেন্স পরিদর্শক আব্দুল মোত্তালিব।
দীর্ঘ ১২ বছরের বেশি সময় ধরে বিচারিক প্রক্রিয়া:
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ডসংলগ্ন রানা প্লাজা ভবন ধসে পড়ে। দেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ এই শিল্প দুর্ঘটনায় সহস্রাধিক মানুষ নিহত এবং বহু মানুষ আহত ও পঙ্গুত্বের শিকার হন। ভবন নির্মাণে নকশাবহির্ভূত কাজ ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের পর ২০১৪ সালের ১৫ জুন দুদক সাভার থানায় মামলা দায়ের করে।
প্রাথমিকভাবে ভবনটির মালিকানা সোহেল রানার বাবার নামে থাকায় তাকে মামলায় অন্তর্ভুক্ত করা হয়নি। তবে পরবর্তী তদন্তে ভবনের নির্মাণ ও ব্যবস্থাপনায় তার সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর তাকে অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর মামলাটি রায়ের পর্যায়ে পৌঁছালেও এখন আবার যুক্তিতর্ক শুনানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রানা প্লাজা ধসের ঘটনায় হত্যা মামলাসহ একাধিক মামলা দীর্ঘদিন ধরে বিচারাধীন রয়েছে। এত বছর পরও বিচারপ্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় নিহতদের স্বজন ও ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচারের অপেক্ষা এখনো শেষ হয়নি।
Leave a Reply