
সাভারের রাজাশন এলাকায় পার্ক ভিউ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষকদের অংশগ্রহণে ‘সিলভার সান ইনভেস্টমেন্ট অ্যান্ড ওনারশিপ সামিট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষকদের আর্থিক স্বাবলম্বিতা, যৌথ বিনিয়োগ এবং কুয়াকাটায় প্রস্তাবিত পর্যটন ও আবাসন প্রকল্প ‘সিলভার সান ইকো রিসোর্ট’ নিয়ে আলোচনা করা হয়।
উইনস্টোন প্রোপার্টিজ লিমিটেডের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষকদের জন্য বিনিয়োগ ও সম্পত্তির মালিকানা অর্জনের একটি বিশেষ প্যাকেজের প্রস্তাব তুলে ধরা হয়। অনুষ্ঠানের ব্যানারে ‘Teachers & Education Community’ এবং ‘অবকাশের ঠিকানা, নিজের অংশীদারিত্ব’ স্লোগানটি স্থান পেয়েছে।
অনুষ্ঠানে হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মো. মাহমুদুল হাসান শিক্ষকদের অবদানের কথা তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য দেন। তিনি বলেন, শিক্ষকদের আদর্শ ও দিকনির্দেশনা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষকদের ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগের মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে সাভার থেকে একটি উদ্যোগ শুরু করার পরিকল্পনার কথাও তিনি জানান।
▪️শিক্ষকদের জন্য বিশেষ বিনিয়োগ প্যাকেজ
অনুষ্ঠানে উইনস্টোন প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস. এম. আসলাম কুয়াকাটায় প্রস্তাবিত ‘সিলভার সান ইকো রিসোর্ট’ প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁর বক্তব্য অনুযায়ী, ১৭২ শতাংশ জমির ওপর প্রকল্পটি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এতে শেয়ার ক্রয়ের মাধ্যমে অংশীদার হওয়ার সুযোগ এবং মুনাফা অর্জনের সম্ভাবনার কথা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে শিক্ষকদের জন্য একটি বিশেষ বিনিয়োগ প্যাকেজের প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাব অনুযায়ী, ২০ হাজার টাকা বুকিং মানি এবং মাসিক ৫ হাজার টাকা কিস্তিতে ৪৮ মাসে মোট ২ লাখ ৬০ হাজার টাকা পরিশোধের মাধ্যমে ১০ বর্গফুটের সাব-কবলা প্রপার্টির মালিকানা অর্জনের সুযোগ থাকবে।
এস. এম. আসলাম আরও জানান, ২০২৭ সালের জানুয়ারিতে প্রকল্পটির আনুষ্ঠানিক অবকাঠামো নির্মাণকাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। আগামী চার বছরের মধ্যে প্রকল্পটি সম্পূর্ণ ব্যবহারের উপযোগী করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। বিনিয়োগের নিরাপত্তা ও মুনাফার বিষয়টিও তাঁর বক্তব্যে গুরুত্ব পায়।
▪️শিক্ষকদের অংশীদার হওয়ার আহ্বান
অনুষ্ঠানে পার্ক ভিউ স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো. আশরাফ আলী উপস্থিত শিক্ষকদের উদ্দেশে বলেন, “এখানে যারা উপস্থিত আছেন সবাই আমার সহকর্মী, ভাই অথবা বন্ধুরা। আপনারা নির্দ্বিধায় এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন।”
তিনি শিক্ষকদের পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে আর্থিক উন্নয়নের সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করেন।
▪️শিক্ষা বিস্তার ও কর্মসংস্থানে মো. আশরাফ আলীর ভূমিকা
উল্লেখ্য, মো. আশরাফ আলী ২০১৪ সালে সাভারের রাজাশন এলাকায় পার্ক ভিউ স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি বর্তমানে ডিগ্রি পর্যায় পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। তাঁর প্রতিষ্ঠানে প্রায় ৪০ থেকে ৫০ জন বেকার যুবক-যুবতীর কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে বলে জানা গেছে।
সম্প্রতি তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়টির ইংরেজি বিভাগ থেকে বিএ (অনার্স) ও এমএ ডিগ্রি অর্জন করেন।
শিক্ষা বিস্তার, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে রাজাশন এলাকায় তিনি পরিচিতি অর্জন করেছেন।
অনুষ্ঠানে রাজাশন ও আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষাবিদরা অংশগ্রহণ করেন।