
চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ কুকরি-মুকরি ইউনিয়নে নানা কর্মসূচির মধ্য দিয়ে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় দিবসটি উপলক্ষে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে একটি র্যালি বের করা হয়। র্যালিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। র্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় দিবসটির ঐতিহাসিক তাৎপর্য ও জাতীয় জীবনে ঐক্য-সংহতির গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন সাবেক ছাত্র ও যুবদল নেতা মোহাম্মদ রমিজ হাওলাদার, জাহাঙ্গীর হাওলাদার, হেনজে আলী ও ফোরকান হাওলাদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের রাজনৈতিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। জাতীয় ঐক্য, সাহস ও দেশপ্রেমের চেতনাকে ধারণ করে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তারা আরও বলেন, দেশ ও মানুষের কল্যাণে পারস্পরিক ঐক্য, সহমর্মিতা এবং দায়িত্বশীল রাজনৈতিক চর্চার বিকল্প নেই।
ঐক্য, সাহস ও দেশপ্রেমের চেতনায় বাংলাদেশ এগিয়ে যাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।