




ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার আসন্ন বাঘবেড় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সিরাজুল ইসলাম সরকারের নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার বাঘবেড় ইউনিয়নের জিগাতলা গ্রামের চেয়ারম্যানের মোড় এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আব্দুল মন্নাছ, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘবেড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও বাঘবেড় ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম সরকার।
প্রধান অতিথির বক্তব্যে সিরাজুল ইসলাম সরকার বলেন, দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতি থেকে শুরু করে জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন তিনি। বর্তমানে বাঘবেড় ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন, জনগণ তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করলে বাঘবেড় ইউনিয়নকে মাদক, জুয়া, দুর্নীতি, অন্যায় ও অপরাধমুক্ত করতে কাজ করবেন। পাশাপাশি সত্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করবেন। সামাজিক দেনদরবারসহ কোনো ক্ষেত্রেই অন্যায়ের সঙ্গে আপস করবেন না।
তিনি আরও বলেন, বাঘবেড় ইউনিয়ন পরিষদকে একটি আধুনিক ও ডিজিটাল ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তুলতে চান। নির্বাচিত হলে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও ভিজিডি কার্ড বিতরণে কোনো ধরনের টাকা নেওয়া হবে না। জন্মনিবন্ধন, নাগরিক সনদ ও ওয়ারিশান সনদ পেতেও সাধারণ মানুষকে কোনো টাকা দিতে হবে না, বলে প্রতিশ্রুতি দেন তিনি। আরও বলেন ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে এম বি,বিএস ডাক্তার নেই, এই জন্য এলাকার মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, এই স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে। পরিষদের আনুষাঙ্গিক সকল প্রকার সেবা বিনামূল্যে প্রদান করা হবে।
এ ছাড়া ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে বিজিএফ কার্ডের স্লিপ গরিব, অসহায় ও দুঃস্থ মানুষের মধ্যে বিতরণ এবং এলাকার রাস্তাঘাট, কালভার্ট, সেতুসহ সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন চেয়ারম্যান পদপ্রার্থী।
বক্তব্যের শুরুতে তিনি শীতের রাতে তাঁর আহ্বানে সাড়া দিয়ে সভায় উপস্থিত হওয়ার জন্য এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভা সঞ্চালনা করেন বাঘবেড় ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জলিল। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।