
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বহুল আলোচিত জাকসু নির্বাচন শেষে ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৩ হাজার ৩৩৪ ভোট। অন্যদিকে, সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মো. মাজহারুল ইসলাম ৩ হাজার ৯৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
মোট ২৫টি পদের মধ্যে ২০টিই দখলে নিয়েছে শিবির-সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট। তাদের মধ্যে গুরুত্বপূর্ণ পদগুলোতে জয়লাভ করেছেন—জিএস পদে মাজহারুল ইসলাম, সহ-জিএস (পুরুষ) পদে ফেরদৌস আল হাসান, সহ-জিএস (ছাত্রী) পদে আয়েশা সিদ্দিকা মেঘলা, শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু উবায়দা উসামা, পরিবেশ সম্পাদক সাফায়েত মীর, সাহিত্য সম্পাদক জাহিদুল ইসলাম বাপ্পি, সাংস্কৃতিক সম্পাদক শেখ জিসান আহমেদ এবং সহ-সাংস্কৃতিক সম্পাদক রায়হান উদ্দিন।
এছাড়া নাট্য সম্পাদক হয়েছেন রুহুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান কিরণ, সহক্রীড়া সম্পাদক (পুরুষ) মাহাদী হাসান, সহক্রীড়া সম্পাদক (ছাত্রী) ফারহানা লুবনা, আইটি ও গ্রন্থাগার সম্পাদক রাশেদুল ইমন লিখন, সমাজসেবা সম্পাদক তৌহিদ ইসলাম, সহসমাজসেবা সম্পাদক (ছাত্রী) নিগার সুলতানা, স্বাস্থ্য ও খাদ্য সম্পাদক হুসনী মোবারক, পরিবহন সম্পাদক তানভীর রহমান এবং কার্যকরী সদস্য হিসেবে বিজয়ী হয়েছেন ফাবলিহা জাহান, নাবিলা বিনতে হারুন, নুসরাত জাহান ইমা, হাফেজ তরিকুল ইসলাম ও আবু তালহা।
শিবিরের প্যানেলের বাইরে নির্বাচিত হয়েছেন কয়েকজন। তাদের মধ্যে আছেন—ভিপি পদে আব্দুর রশিদ জিতু (স্বতন্ত্র), সাংস্কৃতিক সম্পাদক পদে মহিবুল্লাহ শেখ জিসান (স্বতন্ত্র), সমাজসেবা সম্পাদক পদে আহসাব লাবিব (গণতান্ত্রিক ছাত্র সংসদ-বাগছাস), ক্রীড়া সম্পাদক পদে মাহমুদুল হাসান কিরণ (স্বতন্ত্র) এবং কার্যকরী সদস্য পদে মোহাম্মদ আলী চিশতী।
ফলাফল অনুযায়ী, এবারকার নির্বাচনে শিবির-সমর্থিত জোটের ব্যাপক প্রভাব লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাত সোয়া ১০টা থেকে গণনা শুরু হয়ে ১৩ সেপ্টেম্বর দুপুরে শেষ হয়। এরপর রাতে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করে।
Leave a Reply