
ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন আর নেই। তিনি ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ছিলেন।
আজ (৯ মার্চ)সোমবার দিবাগত রাত ১০টা ১০ মিনিটে তিনি ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ২নং জুগলী ইউনিয়নের ছাতুগাঁও গ্রামের বাসিন্দা। ১৯৫২ সালের ২২ মার্চ তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আবুল হাসেম এবং মাতার নাম মোছা: জরিনা খাতুন। তিনি হালুয়াঘাট আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিক এবং কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও ডিগ্রি সম্পন্ন করেন। কলেজ জীবনে তিনি পূর্ব পাকিস্তান ছাত্রলীগের কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজ হোস্টেল শাখার সাধারণ সম্পাদক ছিলেন।
১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ শুরু হলে তিনি ভারতে যান এবং তুরার রাংনাবাগে মে মাসে ৩০ দিনের প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে ১১নং সেক্টরের ডালু সাব-সেক্টরে প্লাটুন কমান্ডার হিসেবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। হালুয়াঘাটের বান্দরকাটা, তন্তর, বাঘাইতলা, তিনআনি ফেরি ধ্বংস, জুগলী সেতু ধ্বংস, হালুয়াঘাট ও সর্চাপুরের যুদ্ধে তিনি বীরত্বের সাথে অংশ নেন।
১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তিনি প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে জনগণকে উদ্বুদ্ধ করার কাজে নিজেকে নিয়োজিত করেন এবং প্রতিরোধযোদ্ধা কাদের সিদ্দিকীর সাথে যোগাযোগ রক্ষা করেন। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে তিনি মুক্তিযোদ্ধা সংসদের মাধ্যমে সক্রিয় ভূমিকা পালন করেন। ১৯৮০ সালের ৫ মে মুক্তিযুদ্ধবিরোধী শক্তির পুনর্বাসন নীতির প্রতিবাদে তাঁর নেতৃত্বে ময়মনসিংহ জেলায় হরতাল পালিত হয়।
তিনি ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এবং ব্যাংক কর্মকর্তা হিসেবে দীর্ঘ ৩৫ বছর দায়িত্ব পালন করেন। এছাড়া ছাতুগাঁও প্রাইমারি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি, ময়মনসিংহ ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি, ময়মনসিংহ জেলা সমন্বয় কমিটি ও জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য এবং ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের পরিদর্শক হিসেবেও দায়িত্ব পালন করেন।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেনের মৃত্যুতে জেলায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। মহান আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করুন। আগামীকাল বিকেল ৩.০০ ঘটিকায় এই বীর সেনানীর জানাযা’র নামাজ হালুয়াঘাট উপজেলার জুগলি ইউনিয়নের ছাতুগাঁও সংলগ্ন জুগলি উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে। তাহার মৃত্যুতে বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেন।
Leave a Reply