
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নাশকতার বড় ধরনের পরিকল্পনা বানচাল করে দিয়েছে র্যাব-৫। উপজেলার ঘোড়াপাখিয়া এলাকার একটি আম বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৯ কেজি ১৫০ গ্রাম গানপাউডার সদৃশ্য বিস্ফোরক ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গতকাল ২৯ মার্চ ২০২৬, রবিবার রাত ১১টার দিকে উপজেলার ১৩নং ঘোড়াপাখিয়া ইউনিয়নের কোখানিপাড়া গ্রামের একটি আম বাগানে এই অভিযান পরিচালিত হয়।
র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কোখানিপাড়া গ্রামের ৪নং বেড়িবাঁধের পশ্চিম পাশে জনৈক মোঃ হযরত মাস্টারের আম বাগানের ভেতর কিছু প্লাস্টিকের ব্যাগ সন্দেহজনক অবস্থায় পড়ে আছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাত ১১টার দিকে সেখানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে:
গানপাউডার: ৪টি আলাদা পলিথিনে রাখা মোট ৯ কেজি ১৫০ গ্রাম গানপাউডার সদৃশ্য গুঁড়া পদার্থ।
বোমা তৈরির সরঞ্জাম: ১ কেজি ২০০ গ্রাম কাঁচের টুকরো ও ৪০০ গ্রাম লোহার পেরেক।
আরো অন্যান্য উপকরণ ৩০টি প্লাস্টিকের জর্দার কৌটা, ১০টি লাল কসটেপ এবং ১৫টি গ্যাস লাইটার।
র্যাব-৫ মিডিয়া সেল থেকে জানানো হয়, ঘটনাস্থলের আশেপাশে কাউকে পাওয়া না যাওয়ায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, দুষ্কৃতিকারীরা বড় ধরনের কোনো নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে এসব বিস্ফোরক ও সরঞ্জাম সেখানে মজুত করে রেখেছিল।
উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। জননিরাপত্তা রক্ষায় র্যাবের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Leave a Reply