
চরফ্যাশনে বিভিন্ন গণমাধ্যমের স্থানীয়
সংবাদকর্মীদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১০ মার্চ বিকালে দলটির দলীয় কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য ও বরিশাল আঞ্চলিক টিম সদস্য অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মোস্তফা কামাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের চরফ্যাশন উপজেলা আমির অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসাইন, সাংবাদিক নেতা শহিদুল ইসলাম দুলাল প্রমূখ।
দলের উপজেলা সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের উপজেলা মিডিয়া, অফিস ও পাঠাগার বিষয়ক সম্পাদক অধ্যাপক রেজাউল হাসান ইমরান।
অনুষ্ঠানে চরফ্যাশন উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও প্রিন্ট মিডিয়ার কর্মীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন,
সাংবাদিকদের মুখ্য উদ্দেশ্য হলো সাংবাদিকতাকে অবলম্বন করে জন-মানুষের অধিকার আদায়ের জন্য ভূমিকা রাখা। সে কারণে গণমাধ্যমকে জনগণ ভরসার শেষ ঠিকানা মনে করেন। বাংলাদেশে সাংবাদিকতার ইতিহাসে সাংবাদিকদের ওপর বিভিন্ন সময় চালানো হয় জেল-জুলুম, নির্যাতন, অত্যাচার ও নিপীড়ন। সাংবাদিক হত্যার ঘটনাও নতুন নয়। আইনি জটিলতাও মুক্ত সাংবাদিকতায় বাধা সৃষ্টি করছে। মুক্ত সাংবাদিকতার চর্চাকে বাধাহীন করতে হলে এবং সাংবাদিকদের সুরক্ষা ও সব ধরনের সংকট নিরসনের জন্য সব সাংবাদিকের এক সারিতে দাঁড়াতে হবে। তাহলেই পরিশুদ্ধ সাংবাদিকতার পরিবেশ সৃষ্টি করা যাবে এবং মুক্ত সাংবাদিকতা চর্চার ক্ষেত্রে অবদান রাখার উদাহরণ সৃষ্টি করা সম্ভব হবে।
Leave a Reply