
ময়মনসিংহের ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুদ করা পেট্রোল ও ডিজেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় ব্যবসায়ী হাবিবুর রহমান কে ২ (দুই) লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) দুপুরে পৌরসভার আমুয়াকান্দা পয়ারী রোডের কাড়াহা মোড় সংলগ্ন “মেসার্স পপি ট্রেডার্স” নামের একটি মিনি ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
অভিযানে অবৈধভাবে মজুদ করা ১৯৫০০ লিটার ডিজেল ও ৪৫০০ লিটার পেট্রোল জব্দ করা হয়। জানা গেছে, অসাধু ব্যবসায়ী হাবিবুর রহমান প্রায় এক মাস আগে এসব জ্বালানি মজুদ করে তার মিনি ফিলিং স্টেশনটি বন্ধ করে রাখেন। ফলে এলাকাবাসী জ্বালানি সংকটে চরম ভোগান্তির শিকার হন।
অভিযানে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসানসহ থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
ইউএনও সাদিয়া ইসলাম সীমা জানান, অবৈধভাবে জ্বালানি মজুদের দায়ে ব্যবসায়ী হাবিবুর রহমানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি জব্দকৃত জ্বালানিগুলো জনস্বার্থে এলাকার অন্যান্য চলমান ফিলিং স্টেশনের মাধ্যমে বিক্রির ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, জনগণের স্বার্থবিরোধী যেকোনো অসাধু কার্যকলাপের বিরুদ্ধে ফুলপুর উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply