
ভোলার চরফ্যাশনে পাওনা সংক্রান্ত বিরোধের জেরে সলেমান নামে এক ব্যাক্তিকে পিটিয়ে আহতের পর চিকিৎসা দেয়ার নামে নিয়ে পরিকল্পিত ভাবে মেরে স্ত্রীকে না জানিয়ে গোপনে লাশ দাফনের অভিযোগে মামলা হয়েছে। নিহতের স্ত্রী রুমা বেগম বাদী হয়ে নিহতের ভগ্নিপতি বশির উল্যাহ মহাজনসহ ৫জনকে আসামী করে চরফ্যাশন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন (মামলা নম্বর সিআর ৫৯৩/২০২৬)। আদালতের বিচারক মো.আরিফ উল ইসলাম মৃত্যু সংক্রান্ত বিষয়ে কোন মামলা না হয়ে থাকলে মামলা রুজু করে প্রতিবেদন দিতে দক্ষিণ আইচা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। নিহত সলেমান তজুমদ্দিন উপজেলার উত্তর চাচড়া গ্রামের মো.আলমের ছেলে।
আদালতে নথি সুত্রে জানাগেছে, রুমা বেগম ১০জুন মামলাটি দায়ের করেন। আদালত ঐদিনই ওসির প্রতি এনির্দেশ দিয়ে অবিলম্বে আদেশের অনুলিপি ও নালিশের অনুলিপি দক্ষিণ আইচা থানার ওসির কাছে পাঠাতে আদালত সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে ২৮জুন মামলার পরবর্তী তারিখ ধার্য রাখেন।
রুমা বেগমের অভিযোগ, আদালতের আদেশের পর ১৮ দিনেও দক্ষিণ আইচা থানার ওসি আদালতে প্রতিবেদন না দেয়ায় ২৮জুন ধার্য তারিখে আদালতে তার হাজিরা নেয়া হয়নি। এ কারণে তিনি মামলাটির ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন।
দক্ষিণ আইচা থানার ওসি মো.আহসান কবির ছুটিতে আছেন জানিয়ে সেকেন্ড অফিসার এসআই মো.হুমায়ুন কবির গতকাল সোমবার ইত্তেফাককে বলেছেন, আদালতের এসংক্রান্ত আদেশের কপি শনিবার (২৭জুন) আমরা পেয়েছি। ওসি সাহেব আসলে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নিবেন।
Leave a Reply