চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় জেলাজুড়ে মাদকবিরোধী ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় ২৫ নভেম্বর ২০২৬ তারিখ ভোররাতে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে।
চাঁদপুর সদর মডেল থানার এসআই (নিঃ) আবুল কালাম গাজীর নেতৃত্বে একটি চৌকস টিম ২৫ নভেম্বর রাত ৩টা ১৫ মিনিটে (২৪ নভেম্বর দিবাগত রাত) পৌর ৮নং ওয়ার্ডের কোড়ালিয়া গনি হাই স্কুলের পেছনে চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি করছিল। এ সময় দ্রুত গতিতে আসা একটি সিএনজি থামিয়ে আরাফাত হোসেন প্রকাশ সানিকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাকে সন্দেহ হলে তার মোবাইল ফোন যাচাই করে বিদেশি পিস্তল হাতে তোলা ছবি পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদে তিনি জানান, অস্ত্রটি নাহিদ হাসানের কাছে আছে।
এ তথ্যের ভিত্তিতে কচুয়া থানা পুলিশের সহায়তায় কচুয়া থানাধীন করইশ গ্রামে নাহিদের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নাহিদকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্র থাকার কথা স্বীকার করেন। পরে তিনি সাক্ষীদের সামনে নিজ শয়নকক্ষের খাটের ড্রয়ার থেকে ম্যাগাজিনসহ একটি সচল বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি বের করে দেন, যা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ নাহিদ হাসান (২৭), পিতা—মোঃ জাকির হোসেন এবং মোঃ আরাফাত হোসেন প্রকাশ সানি (২১), পিতা—মোঃ জাহাঙ্গীর আলম। তারা উভয়ে কচুয়া থানার পৌর ৮নং ওয়ার্ডের করইশ গ্রামের বাসিন্দা।
জিজ্ঞাসাবাদে তারা জানান, অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে তারা অস্ত্র ও গুলি রেখেছিলেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Leave a Reply