
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গামারীতলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব রায়পুর গ্রামে সাধারণ মানুষের দীর্ঘদিনের চলাচলের রাস্তা মাটি কেটে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দা হোসেন আলী।
অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব রায়পুর গ্রামের বাসিন্দা মোঃ আবুল কাশেম ও মো. আবুল হাশেম দীর্ঘদিন ধরে স্থানীয় সাধারণ মানুষের চলাচলের রাস্তার অংশবিশেষ মাটি কেটে রাস্তার স্বাভাবিক অবস্থা নষ্ট করে ফেলেছেন। এতে ওই রাস্তা দিয়ে স্থানীয় জনসাধারণ, নারী, শিশু, শিক্ষার্থীসহ পথচারীদের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
অভিযোগকারী হোসেন আলী বলেন, বর্তমানে রাস্তার অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে দুর্ভোগ আরও বেড়ে যায়। দীর্ঘদিনের চলাচলের এ রাস্তা ইচ্ছাকৃতভাবে বন্ধ করা বা মাটি কেটে চলাচলের অনুপযোগী করা আইনসম্মত নয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগে আরও বলা হয়, রাস্তা সংলগ্ন প্রায় ৫২ শতাংশ জায়গা প্রাথমিক বিদ্যালয়ের নামে দলিলসহ বি আরএস রেকর্ডভুক্ত রয়েছে। ফলে বিষয়টি সরেজমিনে তদন্ত করে রাস্তার প্রকৃত অবস্থা নিরূপণ এবং জনসাধারণের চলাচলের রাস্তা পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে।
অভিযোগকারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।
Leave a Reply