
মানিকগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার রাত থেকে জেলার বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, বিস্ফোরক দ্রব্য আইন, সন্ত্রাসবিরোধী আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রয়েছে। সদর, সিংগাইর, সাটুরিয়া, শিবালয় ও দৌলতপুর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন—মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়ন আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. এরশাদ হোসেন (৫৪), সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাবান আলী সরদার (৩৮), নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য ইমন আহমেদ (২৬), রবিন শেখ (২৪) ও নজরুল ইসলাম (২০)।
এ ছাড়া সাটুরিয়া থেকে জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহিনুর ইসলাম (৩৯), তিল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. মনির হোসেন (৫৩), কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল আনসারী (৪৭), তিল্লী ইউনিয়ন যুবলীগের সদস্য মো. রফিক মিয়া (৪৫), সাটুরিয়া ইউনিয়ন যুবলীগের সদস্য সরকার কবির উদ্দিন (৬১) এবং পূর্ব শিমুলিয়া এলাকার মো. সুজন মিয়াকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।
শিবালয় উপজেলায় আরুয়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও ইউপি সদস্য মুন্সী আপেল মাহমুদ (৫০) এবং দৌলতপুর উপজেলায় চকহরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের কোষাধ্যক্ষ মো. আরিফুল ইসলাম (৩৮), প্রমাস্বর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. রাশেদ মিয়া (৪৬) ও দৌলতপুর থানা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. শহীদুল ইসলাম (রশিদ) (৩৩) গ্রেপ্তার হন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply