
সাভারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আট নেতাকর্মীকে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর থেকে সোমবার (২১ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি সোমবার সকালে নিশ্চিত করেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন—সাভার সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ তুহিন এবং আমিনবাজার ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আকাশ। অন্যরা হলেন রাজু খান, আনোয়ার হোসেন, রুহুল আমিন রাজিব, মো. আরিফুল ইসলাম, মোহাম্মদ আলী ও মুরাদ হোসেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার আটজনই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সঙ্গে যুক্ত। তাদের বিরুদ্ধে সাভার এলাকায় ঝটিকা মিছিলসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করার অভিযোগ রয়েছে। অভিযানের সময় এ-সংক্রান্ত কিছু আলামত জব্দ করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। তাদের কাছ থেকে আরও কয়েকজনের বিষয়ে তথ্য পাওয়া গেছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। তদন্তের প্রয়োজনে গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান তিনি।
Leave a Reply