
সাভারে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর বিভিন্ন বিধান লঙ্ঘনের অভিযোগে দুটি বেকারিকে মোট ৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পরিচালিত অভিযানে প্রতিষ্ঠান দুটিকে এ জরিমানা করা হয়।
অভিযানে সাভার পৌরসভার গেন্ডা এলাকায় অবস্থিত ভরসা বেকারিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় প্রতিষ্ঠানটির উৎপাদিত বিস্কুট, কেকসহ বিভিন্ন খাদ্যপণ্যের মোড়কে বিভ্রান্তিকর তথ্যসংবলিত লেবেল পাওয়ার কথা জানানো হয়েছে। এছাড়া উৎপাদনে অ্যামোনিয়া ব্যবহারের কথা উল্লেখ থাকলেও বিস্কুটের মোড়কে তা উল্লেখ করা হয়নি বলে অভিযানে উঠে আসে।
অভিযানসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, বেকারিটির উৎপাদন পরিবেশও অপরিচ্ছন্ন ছিল। খাদ্যকর্মীদের গ্লাভস, মাস্ক ও ক্যাপসহ প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা উপকরণ ছাড়াই কাজ করতে দেখা যায়। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, সাভার পৌরসভার কর্নপাড়া এলাকার বেকো লাইভ বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে প্রতিষ্ঠানটি অপরিচ্ছন্ন পরিবেশে পরিচালনার পাশাপাশি রেফ্রিজারেটরে কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে সংরক্ষণ করতে দেখা যায়। এছাড়া যথাযথ লেবেল ছাড়াই বিভিন্ন খাদ্যপণ্য ও উপাদান সংরক্ষণ ও ব্যবহারের তথ্য পাওয়া যায়।
অভিযানে আরও দেখা যায়, প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স, প্রিমিসেস লাইসেন্স, কর্মীদের স্বাস্থ্য সনদ, পেস্ট কন্ট্রোলের প্রমাণক এবং পানি পরীক্ষার হালনাগাদ সনদ দেখাতে পারেনি। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে ঢাকা জেলার নিরাপদ খাদ্য অফিসার মো. নাজমুল ইসলাম, সাভার উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শক মো. মোজাম্মেল হোসেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসারের একটি দল উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী খাদ্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বিক্রির ক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে। আইনটির আওতায় নিরাপদ খাদ্যবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।
Leave a Reply