
তারাকান্দা থানা সংলগ্ন ইমরান ট্রেডার্সের সরিষা মিলে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানা এলাকায় সংঘটিত ডা’কাতির ঘটনায় লুণ্ঠিত ২৭ ড্রাম সয়াবিন তেল উদ্ধার করেছে ডিবি পুলিশ।
আজ ৫ মার্চ (মঙ্গলবার) সকালে তারাকান্দা উপজেলার থানা সংলগ্ন এস.আর রোডের নিকট ‘মেসার্স ইমরান ট্রেডাস’ এ ডিবির তল্লাশিতে তেল উদ্ধার করা হয়।
জানা যায়, টাঙ্গাইল ডিবি পুলিশের ইন্সপেক্টর আবুল হক-এর নেতৃত্বে ০৮ (আট) সদস্য বিশিষ্ট একটি টিম অভিযান পরিচালনা করে ইমরান ট্রেডার্সের মিল হতে ২৭ (সাতাশ) ড্রাম সয়াবিন তেল উদ্ধার করে।এ সময় ইমরান ট্রেডার্সের মালিক ইমরানকে জিজ্ঞাসাবাদের জন্য টাঙ্গাইল ডিবি পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য যে, গত ০৪/০৩/২০২৬ ইং তারিখ রাত্রি আনুমানিক ২৩.০০ ঘটিকার সময় সিরাজগঞ্জ জেলার কড্ডার মোড়স্থ দি-শরীফ ট্রেডার্সের মালিক মোঃ শরিফ চট্টগ্রাম হতে আমদানিকৃত সয়াবিন তেল নিজ দোকানে নিয়ে যাওয়ার পথে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানা এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত চক্র ট্রাক থামিয়ে ৬০ (ষাট) ড্রাম প্লাস্টিকের ড্রামে ভর্তিকৃত সয়াবিন তেল ডাকাতি করে। উক্ত তেলের আনুমানিক বাজার মূল্য প্রায় ২২,০০,০০০/- (বাইশ লক্ষ) টাকা।প্রাপ্ত তথ্য মতে, লুণ্ঠিত তেলের একটি অংশ ময়মনসিংহ জেলার তারাকান্দা থানা সংলগ্ন এস.আর. রোড (পুরাতন সাব-রেজিস্টার অফিসের নিকটস্থ) ইমরান ট্রেডার্সের সরিষা ভাঙ্গানোর মিলে এনে ডাকাতচক্র বিক্রি করে দেয়।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান।
Leave a Reply