
সাভার সাব-রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিন ধরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে আইন ও বিচার বিভাগ। এ ঘটনায় সংশ্লিষ্ট দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সরেজমিনে গিয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করেছেন।
জানা গেছে, সাব-রেজিস্ট্রার মোঃ জাকির হোসেনের বিরুদ্ধে দলিল সম্পাদনে অতিরিক্ত অর্থ আদায়, সেবাগ্রহীতাদের হয়রানি এবং সরকারি নিয়ম উপেক্ষা করে নথি নিবন্ধনের মতো একাধিক অভিযোগ ওঠে। এসব অভিযোগের ভিত্তিতে গত রোববার আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব মোঃ মাইনউদ্দিন কাদির সাভার সাব-রেজিস্ট্রি অফিসে তদন্তে যান।
তদন্ত চলাকালে তিনি সেবাগ্রহীতা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং তাদের বক্তব্য গ্রহণ করেন। স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিবন্ধনের ক্ষেত্রে সরকারি নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ, যা ‘টেবিল মানি’ হিসেবে পরিচিত, আদায়ের অভিযোগ রয়েছে। এছাড়া নির্দিষ্ট কিছু দালালের মাধ্যমে কাজ না করলে সাধারণ গ্রাহকদের নানা ভোগান্তির শিকার হতে হয় বলেও অভিযোগ রয়েছে।
অভিযোগ রয়েছে, অফিস সংশ্লিষ্টদের সঙ্গে অসদাচরণ ও ঘুষ লেনদেনের ঘটনাও ঘটেছে। সম্প্রতি এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আরও আলোচনায় আসে।
এ বিষয়ে তদন্ত কর্মকর্তা মোঃ মাইনউদ্দিন কাদির জানান, একটি লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে এবং ইতোমধ্যে কয়েকজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আরও তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে এবং তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply