
ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর-এর পৃথক বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন মাদক ব্যবসায়ী এবং একটি চোর চক্রের সদস্যসহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, চলমান অপরাধবিরোধী অভিযানের অংশ হিসেবে ২৯ এপ্রিল ২০২৬ তারিখে ডিবি পুলিশের একাধিক টিম সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
এর মধ্যে রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে সাভার মডেল থানাধীন কুটিবাড়ী ও মুটুকপাড়া এলাকায় অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ সোহেল রানা (৩০), মামুন আহম্মেদ (৩৭), মোঃ রাজু হোসেন (৩৮) এবং মোঃ মিন্টু মিয়া (৩৮)। এ সময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।
অন্যদিকে, একই দিন রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে আশুলিয়া থানাধীন আউকপাড়া এলাকায় পৃথক অভিযানে মোঃ হোসনে ভান্ডারী (৫০) নামে এক চোর চক্রের সদস্যকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে মামুন আহম্মেদের বিরুদ্ধে ৪টি, রাজু হোসেনের বিরুদ্ধে ২টি, মিন্টু মিয়ার বিরুদ্ধে ৩টি এবং হোসনে ভান্ডারীর বিরুদ্ধে ৭টি মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
ধৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পূর্বের মামলাগুলোতেও গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক, চুরি ও অন্যান্য অপরাধ দমনে তাদের অভিযান আরও জোরদার করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply