
পরিচ্ছন্নতা শুধু একটি কাজ নয়, এটি একটি সভ্য জাতির পরিচয়—এই বার্তা সামনে রেখে সামাজিক সংগঠন বিডিক্লিন আশুলিয়া টিম পরিচালনা করেছে এক ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান।
শুক্রবার (১ মে ২০২৬) সকাল থেকে শুরু হয়ে দিনব্যাপী এ কার্যক্রমে স্বেচ্ছাসেবীরা নরসিংহপুর বাজার ও এর আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেন। এ সময় তারা ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কেও বার্তা পৌঁছে দেন।
অভিযানে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবীরা জানান, আমরা প্রতিদিন নিজেদের ঘর যেমন পরিষ্কার রাখি, তেমনি যদি নিজ নিজ এলাকা, রাস্তা ও জনসমাগমস্থল পরিষ্কার রাখার দায়িত্ব নিই, তাহলে পুরো সমাজই হয়ে উঠবে আরও সুন্দর, স্বাস্থ্যকর ও বাসযোগ্য।
তারা আরও বলেন, একটি পরিচ্ছন্ন পরিবেশ শুধু সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং এটি সুস্থ জীবনযাপন নিশ্চিত করে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলে।
স্থানীয় বাসিন্দারাও এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম নিয়মিত হলে পরিবেশের উন্নয়ন যেমন হবে, তেমনি মানুষের মধ্যেও সচেতনতা বাড়বে।
বিডিক্লিন আশুলিয়া টিমের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও তারা এ ধরনের সামাজিক ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।



Leave a Reply