
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় মসজিদের ইমামের ধর্ষণের ফলে এক মাদ্রাসাসা ছাত্রী (১৫) ৭ মাসের অন্তঃসত্ত্বা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মেয়ের বাবা থানায় মামলা করেছেন।
অভিযুক্ত ইমাম মো. আব্দুল্লাহ খেরুয়াজানী ইউনিয়নের ভিটিবাড়ী গ্রামের বাসিন্দা। তিনি এখন পলাতক।
মামলার বিবরণী ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত আব্দুল্লাহ ভুক্তভোগী ছাত্রীর ফুফাতো ভাইয়ের সহপাঠী। সে সুবাদে তাদের পাড়ার মসজিদে ইমামতি করার পাশাপাশি ওই ছাত্রীর বাড়িতে লজিং থাকতেন।
ছাত্রীর বাবা-মা দুজনেই ঢাকায় গার্মেন্টসে চাকরি করার কারণে ওই কিশোরী বাড়িতে তার দাদির সঙ্গে থাকত।
গত বছরের ২২ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে আব্দুল্লাহ ওই ছাত্রীর বাড়িতে আসেন এবং তাকে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে বললে প্রাণনাশের হুমকি দিয়ে তিনি চলে যান। লোকলজ্জা ও ভয়ে ভুক্তভোগী কিশোরী বিষয়টি তখন কাউকে জানায়নি।
পরবর্তী সময়ে ভুক্তভোগীর শারীরিক পরিবর্তন দেখে দাদির সন্দেহ হয়। তিনি চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানান, ওই কিশোরী ২৭ সপ্তাহের (প্রায় ৭ মাস) অন্তঃসত্ত্বা।
এ ঘটনায় স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর ভুক্তভোগীর বাবা মুক্তাগাছা থানায় মামলা করেন।মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলাম জানান, অভিযুক্ত আব্দুল্লাহকে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
Leave a Reply