
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় একটি মাছের খামারে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন খামার মালিক। এ বিষয়ে ফুলপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের কুঠুরাকান্দা (মুন্সিবাড়ি) গ্রামের মোঃ ইব্রাহিম খলিল (৩৮) নিজের বসতবাড়ির পাশের প্রায় ১৭০ শতাংশ জমির একটি খামারে পাপদা মাছ চাষ করে আসছেন। গত ২৯ জুলাই রাত আনুমানিক ১১টা ৩০ মিনিট পর্যন্ত খামারের পাহারাদার মোঃ রফিক আমিন ও নয়ন মিয়া খামারে দায়িত্ব পালন করেন। পরদিন ৩০ জুলাই ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে খামারে গিয়ে তারা দেখতে পান, মাছগুলো মরে পানির ওপর ভেসে উঠেছে।
খামার মালিকের দাবি, খামারের পানিতে কীটনাশক জাতীয় বিষাক্ত পদার্থ প্রয়োগ করায় মাছগুলো মারা গেছে। এতে তার আনুমানিক ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ ঘটনায় স্থানীয় লোকজনকে অবহিত করে ফুলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। অভিযোগের বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফিরোজ হোসেন বলেন, অভিযোগটি তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply