1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন

আশুলিয়ায় বহিরাগতদের হামলায় আহত শ্রমিকের মৃত্যু, প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

মোঃ মনির হোসেন মন্ডল,সাভারঃপ্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পঠিত

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের মধ্যে বহিরাগতদের হামলায় মাথায় গুরুতর আঘাত পাওয়া পোশাকশ্রমিক মো. সেলিম (২৩) মারা গেছেন।

১২ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সোমবার (১৬ নভেম্বর) ভোর রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গত ৪ নভেম্বর আশুলিয়ার আউকপাড়া এলাকায় কারখানা থেকে বের হওয়ার সময় হামলার শিকার হন তিনি। এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি রনজিৎ বিশ্বাসসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেলিমের মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত সেলিম মাদারীপুরের কালকিনি থানার কানাইপুর গ্রামের মোহাম্মদ রহিমের ছেলে। তিনি আশুলিয়ার আউকপাড়া এলাকায় অবস্থিত রপ্তানিমুখী চামড়াজাত পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ট্রেন্ট সুজ লিমিটেডের সুইং সেকশনে জুনিয়র অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ, নিহতের পরিবার ও কারখানা সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ চলছিল। এ সময় বিভিন্ন কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। দুপুর সাড়ে ১২টার দিকে আউকপাড়া এলাকার ট্রেন্ট সুজ লিমিটেড ও পাশের ফরচুন জিপার লিমিটেডের সামনে লাঠিসোঁটা, ইট-পাথর ও দেশীয় অস্ত্র নিয়ে দুই থেকে তিন শ বহিরাগত শ্রমিক জড়ো হন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। তাঁরা কারখানার নিরাপত্তাপ্রহরীদের গেট খুলে শ্রমিকদের বের করে দিতে বলেন। নিরাপত্তার স্বার্থে গেট খুলতে অস্বীকৃতি জানালে হামলাকারীরা কারখানার গেট ও নিরাপত্তাকক্ষের জানালার কাচ ভাঙচুর করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ কারখানায় সাময়িক ছুটি ঘোষণা করে শ্রমিকদের বের করে দেয়।

এ সময় কারখানা থেকে বের হয়ে সড়কের পাশে অবস্থান করছিলেন সেলিম। একপর্যায়ে হামলাকারীরা তাঁর ওপর চড়াও হন। তাঁদের একজন লোহার রড দিয়ে সেলিমের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। একই ঘটনায় ট্রেন্ট সুজ ও ফরচুন জিপার লিমিটেডের আরও দুই শ্রমিক মো. রাকিব (২৪) ও লিমন (২৫) মারধরের শিকার হন। পরে তাঁরা চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।

গুরুতর আহত সেলিমকে প্রথমে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় তাঁকে। সেখানে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। পরে আইসিইউতে লাইফ সাপোর্টে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। হামলার পর থেকেই তিনি অচেতন ছিলেন। দীর্ঘ ১২ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার ভোরে তাঁর মৃত্যু হয়।

সেলিমের বাবা মোহাম্মদ রহিম বলেন, সেদিন কারখানা ছুটি দেওয়ার পর কিছু লোক এসে শ্রমিকদের ওপর হামলা করে। আমার ছেলের মাথায় লোহার কিছু একটা দিয়ে আঘাত করে। এরপর থেকে সে অজ্ঞান ছিল। প্রথমে এনাম মেডিকেলে নেওয়া হয়, পরে ঢাকা মেডিকেলে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। এত দিন চিকিৎসা চললেও শেষ পর্যন্ত ছেলেকে বাঁচাতে পারলাম না। এখন তার লাশ গ্রামের বাড়ি মাদারীপুরে নিয়ে যাব।

কারখানার এক কর্মকর্তা জানান, আঘাত পাওয়ার পর থেকেই সেলিম অচেতন ছিলেন। তাঁকে বাঁচাতে কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। চিকিৎসার ব্যয় ও প্রয়োজনীয় সহযোগিতার বিষয়েও কর্তৃপক্ষ পাশে ছিল। তবে শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। হামলায় আহত অন্য দুই শ্রমিক এখন সুস্থ আছেন।

এ ঘটনায় ট্রেন্ট সুজ লিমিটেড ও ফরচুন জিপার লিমিটেডের এইচআর ও অ্যাডমিন বিভাগের কর্মকর্তা প্রিন্স সরদার বাদী হয়ে গত ৭ নভেম্বর আশুলিয়া থানায় মামলা করেন। মামলায় আউকপাড়া এলাকার নীট প্লাস কারখানার শ্রমিক রনজিৎ বিশ্বাসকে (৩৫) প্রধান আসামি করা হয়। তাঁর নেতৃত্বে হামলার অভিযোগ এনে অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। মামলায় হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ইশান জানান, এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি রনজিৎ বিশ্বাসসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, শ্রমিক অসন্তোষের সময় ট্রেন্ট সুজ লিমিটেডের শ্রমিকেরা কাজ করতে চাওয়ায় বহিরাগতরা তাঁদের ওপর হামলা চালায়। এতে সেলিমসহ তিনজন আহত হন। সেলিমের মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরের প্রক্রিয়া চলছে। হামলার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

আশুলিয়ায় বহিরাগতদের হামলায় আহত শ্রমিকের মৃত্যু, প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

16 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন