
চরফ্যাশন উপজেলার ৪ নম্বর জিন্নাগড় ইউনিয়ন পরিষদের সম্ভাব্য নির্বাচন ঘিরে জমে উঠেছে স্থানীয় রাজনৈতিক আলোচনা। চেয়ারম্যান পদে ডজনখানেক সম্ভাব্য প্রার্থীর মধ্যে সাংগঠনিক পরিচিতি, পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনায় রয়েছেন উপজেলা যুবদল নেতা আসাদুল ইসলাম বাঁধন।
বাঁধনের রাজনৈতিক পথচলা শুরু উপজেলা ছাত্রদলের সদস্য হিসেবে। পরবর্তী সময়ে যুগ্ম সাধারণ সম্পাদক ও সহসভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে যুবদলের রাজনীতিতে সক্রিয় তিনি। আগামী উপজেলা যুবদলের সম্মেলনে সাধারণ সম্পাদক পদেও প্রত্যাশী।
তাঁর বাবা আবুল খায়ের কালু মিয়া ছিলেন সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব। চাচা শাহ জগলুল ফারুক ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জিন্নাগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। বড় ভাই খায়রুল ইসলাম সোহেল উপজেলা বিএনপির অন্যতম শীর্ষ নেতা।
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে বাঁধন ইউনিয়নের রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি ও কর্মসংস্থানকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন। পাশাপাশি বয়স্ক ও বিধবা ভাতাসহ সরকারি সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া, প্রধান সড়কে সৌরবিদ্যুতের আলো স্থাপন এবং উন্মুক্ত বাজেটের মাধ্যমে জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তাঁর।
আসাদুল ইসলাম বাঁধন বলেন, “ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আগামী উপজেলা যুবদলের কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে প্রত্যাশী। জনগণ আমাকে চেয়ারম্যান নির্বাচিত করলে স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম নয়নের নেতৃত্ব ও পরামর্শে দল-মতনির্বিশেষে সবার জন্য কাজ করব। সরকারি সুযোগ-সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া, যুবক ও নারীদের কর্মসংস্থান, কৃষি ও শিক্ষার উন্নয়ন এবং সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত ইউনিয়ন গড়ে তোলাই হবে আমার লক্ষ্য।”
Leave a Reply