
উপজেলার মাদ্রাজ ইউনিয়ন পরিষদে জেলেদের চালের স্লিপ বিতরণকে কেন্দ্র করে ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. অহিদুর রহমানকে হেনস্তা, মারধরের চেষ্টা, মোবাইল ফোন ছুড়ে ফেলা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। গত শনিবার (২১ নভেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, সরকারি বিশেষ কার্যক্রম ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের সুবিধার্থে জন্মনিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা এবং জেলেদের তালিকাসংক্রান্ত কাজের জন্য ছুটির দিনেও পরিষদ কার্যালয়ে উপস্থিত হন প্রশাসনিক কর্মকর্তা অহিদুর রহমান। ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. রফিকুল ইসলাম সিরাজ এবং সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান ফখরুদ্দিন শাহিন মালতিয়ার অনুরোধে তিনি কার্যালয়ে যান।
প্রত্যক্ষদর্শী ও অভিযোগের বিবরণ অনুযায়ী, অহিদুর রহমান জন্মনিবন্ধনের কাজ করছিলেন। এ সময় সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী তারেক আজিজ পাটোয়ারী এবং আরেক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হেমায়েত উদ্দিন তুহিন শিকদারের ভাই ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আল আমিন সিকদারসহ ১০-১৫ জন ব্যক্তি পরিষদ কার্যালয়ে প্রবেশ করেন। তাঁরা জেলেদের চালের স্লিপ নিজেদের কাছে হস্তান্তরের দাবি জানান।
এ সময় প্রশাসনিক কর্মকর্তা তাঁদের জানান, জেলেদের চালের তালিকা ও স্লিপ বিতরণসংক্রান্ত বিষয়টি সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দের মাধ্যমে সম্পন্ন হয়েছে। এ বিষয়ে তিনি কিছু জানেন না। প্রয়োজনে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।
এ বক্তব্যের পর প্রশাসনিক কর্মকর্তার সঙ্গে তারেক আজিজ পাটোয়ারী ও আল আমিন সিকদার উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়। একপর্যায়ে তারেক আজিজ পানির বোতল হাতে নিয়ে মারধরের উদ্দেশ্যে তেড়ে আসেন এবং আল আমিন সিকদারও মারধরের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় জাকির মিয়াজি নামে এক ব্যক্তি কর্মকর্তার হাত থেকে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, দাবি অনুযায়ী চালের স্লিপ না দিলে পরদিন চাল বিতরণের সময় তাঁকে বিভিন্নভাবে ফাঁসিয়ে দেওয়া এবং অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার হুমকি দেওয়া হয়।
ঘটনার পর প্রশাসনিক কর্মকর্তা অহিদুর রহমান বিপর্যস্ত হয়ে পড়েন বলে জানা গেছে। এ সময় উপস্থিত স্থানীয় কয়েকজন ব্যক্তি তাঁকে সান্ত্বনা দেন এবং বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে অবহিত করার পরামর্শ দেন।
একজন সরকারি কর্মকর্তাকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ভেতরে হেনস্তা ও হুমকি দেওয়ার অভিযোগে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁদের আশঙ্কা, এ ধরনের পরিস্থিতি চলতে থাকলে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হতে পারে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে স্থানীয় সংসদ সদস্যসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী তারেক আজিজ পাটোয়ারী বলেন, “তাকে ফোন দিলে ফোন ধরে না এবং বিভিন্ন পোলাপান নিয়ে ইউনিয়ন পরিষদে সে আড্ডা দেয়। এর আগের বার তিন বারের ভিতরে দুইবার চাল বিতরণ করেছে, আরেকবার এটা কী করছে আমরা কিছুই জানি না। সে প্রতিনিয়ত অনিয়ম করে চলছে, কতজনের চাল এসেছে একেক রকম তথ্য দিচ্ছে। এজন্য তার সাথে আমার উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। আমি সেখান থেকে চলে আসি।”
অভিযোগের বিষয়ে ক্ষুদ্র মৎস্য জেলে সমিতির প্রতিনিধি আল আমিন সিকদার বলেন, “ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বিভিন্ন অনিয়মের সাথে জড়িত, নির্দিষ্ট সময়ও অফিস করেন না; এতে জনগণ সেবা থেকে বঞ্চিত হয়। জেলেদের কার্ড বিতরণের বিষয়ে আমরা তার সাথে আলোচনা করতে গেলে আমাদের সাথে তার উত্তপ্ত বাক্যবিনিময় হয়, পরে আমরা সেখান থেকে চলে আসি।”
ইউএনও রুমানা আফরোজ বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply