
দিনাজপুরের পার্বতীপুর লোকোশেডে দুটি ইঞ্জিনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একটি ইঞ্জিন লাইনচ্যুত হয়ে উল্টে যায়। পরে সেটি উদ্ধারে আসা উদ্ধারকারী (রিলিফ) ট্রেনটিও লাইনচ্যুত হয়।
শনিবার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে পার্বতীপুর রেল স্টেশনের অদূরে লোকোশেড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি লোকোমোটিভ (ইঞ্জিন) শাল্টিং করে পার্বতীপুর রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছিল। এ সময় একই লাইনে অপর একটি ইঞ্জিন প্রবেশ করলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দাঁড়িয়ে থাকা ইঞ্জিন (নম্বর ৬৬৩৩) লাইনচ্যুত হয়ে উল্টে যায়। পরবর্তীতে লোকোশেড থেকে পাঠানো রিলিফ ট্রেন উদ্ধারকাজে অংশ নিতে গিয়ে সেটিও লাইনচ্যুত হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক লোকোমাস্টার জানান, রেল লাইনের স্লিপার পরিবর্তনের কাজ চলছিল বলে ট্রেনটি লাইনচ্যুত হয়। তবে ইঞ্জিনের গতি ছিল কম, তাই বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে।
রেলওয়ে লোকোশেড ইনচার্জ কাফিউল ইসলাম বলেন, “ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এলে মূল উদ্ধারকাজ শুরু হবে।”
পার্বতীপুর রেলস্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই প্রাথমিক উদ্ধারকাজ চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
Leave a Reply