
ময়মনসিংহের ফুলপুরে আবারো এক মানসিক ভারসাম্যহীন নারীর কোলজুড়ে জন্ম নিল এক ফুটফুটে কন্যাশিশু। তবে নবজাতকের বাবার পরিচয় জানা যায়নি।
আজ ২ এপ্রিল (বৃহস্পতিবার) সকালে উপজেলার পৌরসভার ছনকান্দা বাজার এলাকায় মানসিক ভারসাম্যহীন ও শারীরিক প্রতিবন্ধী মাহমুদা নামের এক নারী একটি কন্যা সন্তান প্রসব করেন।
জানা যায়, প্রতিবন্ধী মাহমুদা প্রসব বেদনায় কাতরাচ্ছে এবং একটি বাচ্চা প্রসব করেছে, এ খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সিমার নেতৃত্বে সমাজসেবা কর্মকর্তা মোঃ শিহাব উদ্দিন খান ঘটনাস্থলে পৌঁছান। তাঁদের উদ্যোগে মা ও নবজাতককে দ্রুত ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মা ও শিশু দুজনই বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, নবজাতকের সুরক্ষা ও ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত ও সামাজিক ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
Leave a Reply