
ঢাকার আশুলিয়ায় ৭ম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে নঈম জং নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত নঈম জং এবং পলাতক আসামি লোকমান—উভয়েই বাংলাদেশ বেতারের আশুলিয়ার কবিরপুর রেডিও কলোনির তৃতীয় শ্রেণির কর্মচারী বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারকৃত নঈম জংকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে ভোররাতে আশুলিয়ার কবিরপুর রেডিও কলোনি এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার সকালে আশুলিয়ার কবিরপুর রেডিও কলোনিতে অনুপ্রবেশের অভিযোগ তুলে স্থানীয় একটি স্কুলের ৭ম শ্রেণির এক শিক্ষার্থীকে আটক করেন নঈম জং ও লোকমান। পরে তারা শিক্ষার্থীকে লাঠি দিয়ে মারধর করেন।
এ ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীকে তার স্বজনরা উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, এ ঘটনায় শিক্ষার্থীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলার পরপরই অভিযান চালিয়ে নঈম জংকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, পলাতক আসামি লোকমানকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply