
শিল্পাঞ্চল আশুলিয়ায় তিন মাসের বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
রোববার (২৬ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় অবস্থিত আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের শ্রমিকরা সড়কের দুই পাশ অবরোধ করে অবস্থান নেন।
বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, গত ফেব্রুয়ারি মাস থেকে কারখানার প্রায় ৬০০ শ্রমিক নিয়মিত বেতন পাচ্ছেন না। অনেকের ক্ষেত্রে তিন থেকে চার মাসের বেতন বকেয়া রয়েছে। বারবার দাবি জানানো সত্ত্বেও মালিকপক্ষ কেবল আশ্বাস দিয়ে আসছে, কিন্তু বাস্তবে কোনো পরিশোধ করা হয়নি। এ অবস্থায় বাধ্য হয়ে তারা সড়কে নেমে বিক্ষোভ করতে বাধ্য হয়েছেন বলে জানান শ্রমিকরা। দ্রুত বকেয়া পরিশোধের দাবিও জানান তারা।
শ্রমিকদের অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়, এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সড়ক থেকে সরিয়ে দিলে প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, চলতি মাসসহ কয়েক মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করেছিলেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করা হয়।
Leave a Reply