
কুমিল্লার নাঙ্গলকোটে গরু ঘাস খাওয়াকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন ৪ জন। এছাড়া উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৫ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন—রোকন আলীর স্ত্রী শরিফা বেগম (৬০), জাকির হোসেনের ছেলে ওসমান (১৬), স্ত্রী সুফিয়া বেগম (৫০) এবং বশির আহম্মেদের স্ত্রী হোসনেয়ারা বেগম (৫৫)। আহতদের মধ্যে কয়েকজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শিমা মজুমদার জানান, দুপুর ১টার দিকে তিন নারী ও এক কিশোর গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসা নিতে আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়।
গুলিবিদ্ধ হোসনেয়ারা বেগম অভিযোগ করে বলেন, “দোতলা মসজিদের সামনে শেখ ফরিদের লোকজন এসে আমাদের গুলি করে। আমি ও আরও অনেকে গুলিবিদ্ধ হই।”
তবে অভিযুক্ত শেখ ফরিদের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনো পর্যন্ত গুলিবিদ্ধ হওয়ার বিষয়ে আমরা নিশ্চিত নই। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নজরে রাখা হয়েছে।”
ঘটনার তদন্ত চলছে বলে জানান তিনি।
Leave a Reply