
দিন দিন বাড়ছে অনলাইনভিত্তিক প্রতারণা। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমকে কেন্দ্র করে সক্রিয় হয়ে উঠেছে প্রতারক চক্র। সুন্দর প্রোফাইল, অচেনা লিংক, আবেগের সুযোগ কিংবা ভুয়া বন্ধুত্ব—বিভিন্ন কৌশলে সাধারণ মানুষকে ফাঁদে ফেলছে তারা। প্রযুক্তির এই যুগে সামান্য অসতর্কতাই ডেকে আনতে পারে বড় বিপদ।
বিশেষজ্ঞদের মতে, বর্তমানে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে সাত ধরনের অনলাইন প্রতারণা—
১. হানি ট্র্যাপ
সুন্দরী নারী বা সুদর্শন পুরুষের ভুয়া পরিচয়ে বন্ধুত্ব করে ব্যক্তিগত তথ্য বা ছবি সংগ্রহ করে ব্ল্যাকমেইল করা হয়। আত্মসংযম ও সতর্কতাই এ ধরনের ফাঁদ থেকে বাঁচার প্রধান উপায়।
২. অচেনা লিংক
“আপনার ছবি আছে”, “জরুরি তথ্য দেখুন” এমন বার্তায় পাঠানো লিংকে ক্লিক করলেই হ্যাক হতে পারে ফেসবুক, টেলিগ্রাম বা ব্যাংকিং তথ্য। অপরিচিত কোনো লিংক খোলা থেকে বিরত থাকতে হবে।
৩. অনলাইনে কেনাকাটা
ভুয়া পেজ ও প্রতারণামূলক ই-কমার্স সাইট থেকে সাবধান। ক্যাশ অন ডেলিভারি পদ্ধতিতে পণ্য হাতে পেয়ে যাচাই করে মূল্য পরিশোধ করাই সবচেয়ে নিরাপদ।
৪. ইমোশনাল ব্ল্যাকমেইল
সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত ব্যক্তিগত কষ্ট, বিষণ্ণতা বা দুর্বলতার কথা প্রকাশ করলে প্রতারকরা সুযোগ নেয়। সহানুভূতির আড়ালে গড়ে তোলে ফাঁদ।
৫. দেখাসাক্ষাৎ
অনলাইনে পরিচিত কারও সঙ্গে নির্জন স্থানে দেখা করা ঝুঁকিপূর্ণ। প্রয়োজন হলে জনসমাগমপূর্ণ স্থানে এবং পরিচিত কাউকে সঙ্গে নিয়ে দেখা করা উচিত।
৬. ইনবক্স প্রতারণা
অনেক প্রতারণাই শুরু হয় ইনবক্স থেকে। সন্দেহজনক বা অস্বস্তিকর মেসেজ এলে দ্রুত যোগাযোগ বন্ধ করে ব্লক করা নিরাপদ।
৭. অপরিচিতের ফ্রেন্ড রিকোয়েস্ট
যার-তার বন্ধুত্ব গ্রহণ মানে নিজের ব্যক্তিগত জীবনে অপরিচিত কাউকে প্রবেশের সুযোগ দেওয়া। তাই যাচাই ছাড়া ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ না করাই উত্তম।
বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন নিরাপত্তার সবচেয়ে বড় শক্তি হলো সচেতনতা ও আত্মসম্মানবোধ। কারণ, “যে নিজেকে রক্ষা করতে পারে না, তাকে আর কেউ রক্ষা করতে পারে না।”
Leave a Reply