
আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে রাজধানী ঢাকাসহ সারাদেশে ৩ হাজার ৬০০টির বেশি পশুর হাট বসানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকায় বসবে ২৭টি হাট।
রোববার (৩ মে) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রী জানান, রাজধানীর উত্তর অংশে ১৬টি এবং দক্ষিণ অংশে ১১টিসহ মোট ২৭টি পশুর হাট ইজারার জন্য প্রস্তুত করা হয়েছে। এছাড়া সারা দেশে ৩ হাজার ৬০০টির বেশি হাট বসবে। নির্ধারিত হাটের বাইরে কোথাও পশুর হাট বসতে দেওয়া হবে না এবং সীমান্তবর্তী এলাকাতেও কোনো হাট বসানোর অনুমতি থাকবে না।
কুরবানির পশুর সরবরাহ পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী বলেন, চলতি বছরে দেশে কুরবানিযোগ্য গবাদিপশুর সংখ্যা এক কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি। অন্যদিকে সম্ভাব্য চাহিদা ধরা হয়েছে এক কোটি এক লাখ ৬ হাজার ৩৩৪টি। সেই হিসেবে চাহিদার তুলনায় প্রায় ২২ লাখ ২৭ হাজার পশু উদ্বৃত্ত থাকতে পারে।
তিনি আরও জানান, দেশে উৎপাদিত পশু দিয়েই কুরবানির চাহিদা পূরণ সম্ভব হবে এবং পশুর কোনো সংকটের আশঙ্কা নেই।
Leave a Reply