
ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে বিএনপির দুই নেতার মধ্যে ঘটেছে হাতাহাতির ঘটনা।
৭ জুন (রবিবার) বিকেল সাড়ে ৫টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলায় ঘটে এ ঘটনা। হাতাহাতির একপর্যায়ে ভেঙে যায় একটি ফুলের টব।
অভিযোগ রয়েছে, একজন নেতা ওই টব তুলে অপর নেতাকে মারতে উদ্যত হন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে অফিস সহকারী জনি (৩০) আঘাত পান হাতে।
ঘটনায় জড়িত দুই নেতা হলেন জেলার গৌরীপুর উপজেলা বিএনপির বহিষ্কৃত সদস্যসচিব হাফেজ মোঃ আজিজুল হক এবং ময়মনসিংহ সদর কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একজন নেতা জেলা প্রশাসকের কক্ষে প্রবেশ করছিলেন, আরেকজন বের হচ্ছিলেন। এ সময় তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে তা রূপ নেয় হাতাহাতিতে।
ঘটনার সময় জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান নিজ দপ্তরে উপস্থিত ছিলেন। ঘটনার সময় জেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা, জেলা প্রশাসকের দেহরক্ষী পুলিশ সদস্য মোঃ জাকির হোসেন এবং অফিস সহকারী জনি দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করেন।
জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেছেন, মূলত: একে অপরকে শ্লেজিং করা নিয়ে ঘটনার শুরু। ঘটনাটি তাকেও বিব্রত করেছে বলে জানান তিনি।
Leave a Reply