
ময়মনসিংহ সদর উপজেলার চর বড়বিলা এলাকায় ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের পাশে সারিবদ্ধ দেবদারু গাছে ঘেরা একটি স্থান দীর্ঘদিন ধরে পথচারী, ভ্রমণপিপাসু ও কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে ছিল অত্যন্ত পরিচিত ও প্রিয়।
সুপরিচিত কন্টেন্ট ক্রিয়েটর থটস অব বিল্লালসহ অনেকেই এই মনোরম স্থানে ভিডিও ও ছবি ধারণ করেছেন। প্রতিদিন অসংখ্য মোটরসাইকেল আরোহী ও পথচারী এখানে কিছুক্ষণ বিশ্রাম নিতেন। অনেকেই এই গাছের সারিকে পেছনে রেখে স্মৃতিবন্দি করতেন নিজেদের মুহূর্ত।
তবে সম্প্রতি সেই পরিচিত দৃশ্য আর নেই। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ফিশারির বিদ্যুৎ সংযোগ নেওয়ার জন্য কর্তৃপক্ষ দেবদারু গাছগুলো কেটে ফেলেছে। ফলে এক সময়ের ছায়াঘেরা ও নান্দনিক স্থানটি এখন অনেকটাই তার সৌন্দর্য হারিয়েছে।
স্থানীয়দের ভাষ্য, এমন সারিবদ্ধ দেবদারু গাছের দৃশ্য এ অঞ্চলে খুব কমই দেখা যায়। তাই গাছগুলো কেটে ফেলার ঘটনায় অনেকেই দুঃখ প্রকাশ করেছেন। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট মালিকপক্ষের উদ্যোগে রাস্তার অপর পাশে নতুন করে দেবদারুর সারি রোপণ করা হলে ভবিষ্যতে আবারও জায়গাটি তার আগের সৌন্দর্য ফিরে পেতে পারে।
Leave a Reply